স্টাফ রিপোর্টার
, যশোর
বহুমাত্রিক জ্ঞান চর্চা কেন্দ্র প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক ও সাংবাদিক বেনজীন খানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও তাকে জখম করা হয়েছে।
শাকিল নামে এক দুর্বৃত্ত ও পেশাদার চোর গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সেখানে হামলা চালায়। তার ছোড়া ইটপাটকেলের আঘাতে বেনজীন জখম হন।
শাকিল সার্কিট হাউজপাড়ার আইয়ুব বাবুর্চির ছেলে।
বেনজীন খানের অভিযোগ, বছর খানেক আগে শাকিল প্রাচ্যসংঘ-সংলগ্ন তার চার তলা বাড়ির বৈদ্যুতিক তামার তার চুরি করে; যার মূল্য ৭২ হাজার টাকা। এছাড়া গত ১৪ সেপ্টেম্বর তার বাড়ির পাশে সরকারি শিক্ষা অধিদপ্তরের ভবনের বিদ্যুতের তার চুরির চেষ্টা করে। সেখানে থাকা নৈশপ্রহরী ধাওয়া দিয়ে তাকে আটক করলে এলাকার লোকজন তাকে সতর্ক করে ছেড়ে দেয়। ওইদিন গভীররাতে প্রাচ্যসংঘের ৫৫ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার সে চুরি করে নিয়ে যায়।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শাকিল একটি লোহার রড নিয়ে প্রাচ্যসংঘ কার্যালয়ের সামনে ঘোরাফেরা করছিল। তখন প্রাচ্যসংঘে থাকা লোকজন তাকে ধরে কেবল চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। সে সময় কৌশলে প্রাচীর টপকে সে পালিয়ে যায়। পরে রাতের অন্ধকারে প্রাচ্যসংঘের বিল্ডিং লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে তার বাড়ির জানালার অনেক গ্লাস ভেঙে যায়; যার মূল্য দেড় লাখ টাকার মতো। তার ছোড়া ইটের আঘাতে বেনজীন তিনিও জখম হন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাতেই তিনি যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন। এবং কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।