স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের শার্শায় আমদানিনিষিদ্ধ ১৮৮ বান্ডিল বিদেশি ফিশিং নেটসহ (কারেন্ট জাল) রফিক পশারী (৬১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (২৩ মে) রাত ১১টা থেকে শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানে রোববার (২৪ মে) ভোরে উপজেলার বাগুড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রফিক পশারী ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি চৌকস দল বাগুড়ী এলাকার বেলতলা বাজার ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে অভিযান চালায়।
এ সময় সেখানে থাকা একটি পুরাতন সাদা রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করে ৫টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিশিং নেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারের চালক কৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত জালের মধ্যে ৮০ বান্ডিল “ELEPHANTA FISHING TACKLE”, ৬৮ বান্ডিল “KEERIN FISHING TACKLE” এবং ৪০ বান্ডিল “GOLD CUP” ব্র্যান্ডের ফিশিং নেট রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-বি (১)(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলায় পলাতক অজ্ঞাতনামা প্রাইভেটকার চালককেও আসামি করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।