খুলনা অফিস
খুলনা মহানগরীর একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৪১) নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২৪ মে) সকালে নগরীর কৈয়া বাজারের জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা'মুর জামে মসজিদের বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথার ডান পাশে ও কপালে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ডালিম গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ ভোররাতে স্থানীয় মুসল্লিরা কৈয়া বাজারের জয়খালী ব্রিজ-সংলগ্ন বাইতুল মা'মুর জামে মসজিদে ফজরের নামাজ পড়তে আসেন। এ সময় মসজিদের বারান্দায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথার ডান পাশে ও কপালের ওপর ভারী বস্তুর আঘাতের গভীর চিহ্ন রয়েছে।
লাশের পাশ থেকেই একটি রক্তমাখা ইট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ইটের আঘাতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।