লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে হামলা, চাঁদা দাবি এবং নারীদের মারধর করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
উপজেলার ঈশানগাতী গ্রামে একই এলাকার ফাতেমা বেগম তুলি, তার স্বামী মিজানুর মোল্যা ও ভাই তরিকুল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় সরেজমিনে গণমাধ্যমকর্মীরা ওই গ্রামে গেলে ভুক্তভোগী পরিবার তাদের এই দুর্ভোগের কথা জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, ঈশানগাতী মৌজার ১২৯৭ দাগের সাড়ে ৪ শতাংশ জমির মধ্যে ২ শতাংশ জমি নিয়ে মৃত সৈয়দ কামরুজ্জামানের পরিবার ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলা হলে মালিকানার রায় পান ভুক্তভোগী নাজমুল ইসলাম। তবে আদালতের এই রায়কে তোয়াক্কা না করে অভিযুক্তরা ওই জমি দখলের চেষ্টা চালালে নাজমুলের পরিবার তাতে বাধা দেয়।
এরই জেরে গত সোমবার (৮ জুন) দুপুরে অভিযুক্ত ফাতেমা বেগমের স্বামী মিজানুর মোল্যা ও ভাই তরিকুল ইসলামের নেতৃত্বে প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নাজমুল ইসলামের বাড়িতে হামলা চালায়। নাজমুল ইসলাম প্রবাসে থাকায় এবং বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে এই তাণ্ডব চালানো হয়।
টের পেয়ে ঘরের নারীরা ভেতরে তালা দিয়ে নিজেদের জীবন রক্ষা করেন। এ সময় নাজমুলের চাচাতো বোন হাসিবা আক্তার পরিস্থিতি দেখতে গেলে তাকে মারধর করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরে খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী নাজমুলের মা সালেহা বেগম, স্ত্রী শামীমা আক্তার মুন্নি ও চাচাতো বোন হাসিবা খানম অভিযোগ করেন, অভিযুক্তরা জমি দখলের চেষ্টার পাশাপাশি বিভিন্ন সময়ে তাদের হুমকি-ধমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় সোমবার বিকেলে এই সশস্ত্র হামলা চালানো হয়। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তরিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এর আগেও মামলা দিয়ে আমাদের হয়রানি করা হয়েছে। এসব ঘটনার সাথে আমরা জড়িত নই।’
এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সোমবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।