খুলনা অফিস
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ বলেছেন, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিমুক্ত। এছাড়াও রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। পক্ষান্তরে বেসরকারি ব্যবস্থাপনায় প্রতারণাসহ রয়েছে বিভিন্ন ধরনের ঝুঁকি। এরপরও সাধারণ মানুষের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালন নিয়ে বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে। এসব ভ্রান্ত ধারণা দূর করে সরকারি মাধ্যমে হজযাত্রী নিবন্ধনের হার বাড়াতে এবং কোটার অন্তত ২৫ শতাংশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্য নিয়ে খুলনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে উদ্বোধক ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। এতে মূল আলোচক ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. কামরুল হাসান। বিশেষ আলোচক ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম। আলোচনা করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনার পরিচালক মোহাম্মদ মহীউদ্দীন মজুমদার।
কর্মশালায় সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বেশ কিছু সুনির্দিষ্ট সুবিধা তুলে ধরে বলা হয়, সরকারি মাধ্যমে হজ পালন পুরোপুরি নিরাপদ এবং ঝুঁকিমুক্ত, প্রতি ৪৪ জন হজযাত্রীর জন্য একজন করে আরবি জ্ঞানসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ হজ গাইডের ব্যবস্থা থাকে, হজ প্যাকেজে যে সব সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়, তার শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করা হয়, হজ প্যাকেজের অব্যবহৃত অর্থ সরাসরি হজযাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়, হজ প্যাকেজ-১ এর হজযাত্রীদের জন্য জামারার কাছাকাছি তাঁবুতে (তাঁবু জোন-২) থাকার ব্যবস্থা করা হয়।
কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপ-পরিচালক, সুপারভাইজার, মডেল কেয়ারটেকার, মাস্টার ট্রেইনার, শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ধর্মীয় বিশেষজ্ঞ, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।