স্টাফ রিপোর্টার
, যশোর
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৪৫) নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার আমবটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে এবং পাশাপোল আমজামতলা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মকবুল হোসেন যশোর শহর থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামের ফিরছিলেন। যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত করার জন্য তৎপরতা চলছে।