পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ ও আফাস ফাউন্ডেশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন এবং বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত। অনুষ্ঠানে ফ্রেন্ডশিপ পাইকগাছা অফিসের প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুবুল হাসান প্রধান সংগঠক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের চলমান উন্নয়ন ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়। সংস্থার প্রতিনিধিরা জানান, দেলুটি ইউনিয়নের পোল্ডার-২১ এলাকায় দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে একটি আধুনিক পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপনের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
পাশাপাশি স্যাটালাইট ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। একই সাথে উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়নের কর্মসূচি শুরু হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।
উপকূলীয় অঞ্চলের পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান শেষে সভাপতিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্লাইমেট ইয়ুথ গ্রুপের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রজেক্ট অফিসার সমরেশ্বর সিনহা, প্রজেক্ট ইনচার্জ মো. মাহফুজ-উর রহমান এবং প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনসহ ফ্রেন্ডশিপের মাঠপর্যায়ের কর্মীরা।