স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুর চিকিৎসা করাতে গিয়ে হয়রানি, অপমান ও ভয়ভীতির শিকার হয়েছেন বলে দাবি করেছেন লায়লা রাবেয়া রিপা নামে এক নারী। দায়িত্বরত চিকিৎসকের কাছে ওষুধ সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো ব্যাখ্যা না দিয়ে উল্টো ফার্মেসিতে গিয়ে জেনে নিতে বলেন বলে তার অভিযোগ।
প্রতিবাদ করায় ওই নারীকে হাসপাতাল থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তার।
এই বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী লায়লা রাবেয়া রিপা।
রিপার অভিযোগ, গত ২০ মে সন্ধ্যার পর অসুস্থ শিশুসন্তানকে নিয়ে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলীর কাছে সন্তানের শারীরিক অবস্থা ও ব্যবহৃত ওষুধ সম্পর্কে জানতে চাইলে তিনি বিরক্ত হন। চিকিৎসক তার সঙ্গে উসকানিমূলক ও অশোভন আচরণ করেন। এমনকী ওষুধ সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে তাকে হাসপাতাল থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন ওই নারী।
এ ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে বলে দাবি ভুক্তভোগীর। নিরাপত্তাহীনতায় ভুগে শেষ পর্যন্ত ওইদিনই তিনি কোতোয়ালি থানায় জিডি করতে বাধ্য হয়েছেন বলেও জানান লায়লা রাবেয়া রিপা।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক মোহাম্মদ ইউসুফ আলী এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি রোববার (২৪ মে) অফিসে এসে কথা বলতে বলেন।