নড়াইল প্রতিনিধি
নড়াইল পৌরসভা এলাকায় মাছের ঘেরে ডুবে সুমাইয়া খানম (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বেলা ৩টার দিকে নড়াইল পৌরসভার বেনাডোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া খানম বেনাডোপ গ্রামের রওশন মোল্যার মেয়ে। সে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ৩টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি মাছের ঘেরে পড়ে যায় সুমাইয়া। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে মাছের ঘেরের পানি থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়৷ এরপর নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।