পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, শিক্ষাবিদ আবুল কালাম আজাদ (৮২) আর নেই। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকা ভবানীপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি স্ত্রী, এক কন্যা, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বিকেলে বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী, ওসি গোলাম কিবরিয়া। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে একই মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আবুল কালাম আজাদ দীর্ঘদিন রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টানা ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ, বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন একজন সফল ও গর্বিত পিতা। তার সন্তানদের মধ্যে অনেকে বাংলাদেশ পুলিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।
আবুল কালাম আজাদের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।