সুবর্ণভূমি ডেস্ক
নানা সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ আবার বেড়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ প্রায় ২১ হাজার কোটি টাকা বেড়ে মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ছয় লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।
এটি মোট বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ব্যাংকাররা বলছেন, ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের দাম বৃদ্ধি এবং জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করতে পারছে না। এ ছাড়া দীর্ঘদিনের অনিয়ম এবং প্রভাবশালীদের কাছ থেকে ঋণ আদায় না হওয়ায় ব্যাংক খাতে খেলাপি ঋণ ক্রমেই বাড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছয় লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ।
গত জুন শেষে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, যা এসব ব্যাংকের বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা বা ৩২ দশমিক ০২ শতাংশ, বিদেশি ব্যাংকগুলোর ৩ হাজার ৯১৫ কোটি টাকা বা ৫ দশমিক ৯২ শতাংশ এবং বিশেষায়িত ব্যাংকগুলোর ১৮ হাজার ৩০৩ কোটি টাকা বা ৩৯ দশমিক ৫১ শতাংশ।