মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট
বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার এগারোখান-বাকড়ী গোচর ফুটবল মাঠে এলাকাবাসীর সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা ও শামীম আখতার, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নেতা মাসুদ আলম টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈসা এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব হৃদয় তারেকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মহিউদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজাহারুল ইসলাম খোকন।
ফাইনালে যশোরের জামান ট্রেডার্স একাদশের মুখোমুখি হয় বাকড়ী থ্রিস্টার ক্লাব একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জামান ট্রেডার্স একাদশকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাকড়ী থ্রিস্টার ক্লাব।
ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন বিজয়ী দলের আশরাফুল। ম্যাচসেরা ও টুর্নামেন্টসেরা নির্বাচিত হন বিজয়ী দলের রনি। সেরা গোলরক্ষকের পুরস্কার পান একই দলের বাবু।
খেলা পরিচালনা করেন ফেরদৌস হাসান। তাকে সহায়তা করেন জিল্লুর রহমান ও বীরেশ্বর মণ্ডল।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
গত ১ জুলাই শুরু হওয়া মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।