খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ভৈরবীর আয়োজনে ‘প্রিয়া ক্যাফে ৪.০’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন হয়। এতে আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’।
ভৈরবীর সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আকাশ বলেন, প্রিয়া ক্যাফে আমাদের নিয়মিত আয়োজনগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজনও প্রাণবন্ত হয়ে উঠেছে।
ভৈরবীর সমন্বয় সচিব রাহুল সরকার বলেন, প্রিয়া ক্যাফে ভৈরবীর অন্যতম সিগনেচার আয়োজন। সংগীতকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একত্রিত করা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রিয়া ক্যাফে সিজন ৪ সফলভাবে সম্পন্ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাইসহ সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে। সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুক্তমঞ্চ মুখর হয়ে ওঠে। জলের গানের পরিবেশনায় শিক্ষার্থীরা সংগীত ও আনন্দে মেতে ওঠেন।