মাগুরা প্রতিনিধি
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত অভিনয় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হচ্ছে।
ছবি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মাগুরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত অভিনয় প্রতিযোগিতা সনদপত্র বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাগুরা পিটিআই-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরা আয়োজিত এ কর্মসূচির সমাপ্তি ঘটে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন থিয়েটার ইউনিটের সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং পিটিআইয়ের সহকারী সুপারিনটেনডেন্ট কাজী আব্দুল হালিম।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরা তিন নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন করেন থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিক।
নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিট মাগুরা শহরের ভায়না আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা চার নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা পিটিআই-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাগুরা ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ অভিনয় প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মো. ওয়ালিদুর রহমান, আপেল মাহমুদ সবুজ, মইনুল ইসলাম, জিসান আকিদুল ইসলাম, সৈয়দ আশিকুল ইসলাম মুসা ও নীরব।
প্রতিযোগিতাটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম এবং অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা।