মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ময়জদ্দীন হামীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মহেশপুর আদালতে সোপর্দ করা হয়।
এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার গোডাউনপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ময়জদ্দীন হামীদ (৬৫) মহেশপুর উপজেলার তালশার গ্রামের মৃত আব্দুস সামাদ মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মহেশপুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য এবং মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
মহেশপুর থানা সূত্রে জানা যায়, গত ৯ মার্চ মহেশপুর থানায় দায়ের করা একটি মামলায় (নম্বর-১৬, ধারা-৪৩৬/৪২৭ পেনাল কোড, জিআর নম্বর-৯৪) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, সুনির্দিষ্ট মামলায় ময়জদ্দীন হামীদকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।