স্টাফ রিপোর্টার
, যশোর
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় রনজু হোসেন গোলাপ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এরপর একদিনের বিচারিক আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচশ টাকা জরিমানা করেছেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মঙ্গলবার এক রায়ে এই সাজা দেন।
রনজু হোসেন গোলাপ যশোর শহরের চোপদারপাড়ার দিলজার হোসাইনের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মোহাম্মদ হোসেন নামে এক অটোরিকশা চালক মঙ্গলবার বিকেল তিনটার দিকে গোলাপকে সাথে নিয়ে আদালত চত্বরে যান। সে সময় গোলাপ ভাড়ার টাকা দিলে তার কাছে খুচরা ছিলো না। তিনি রিকশা রেখে টাকা খুচরা করার জন্য আদালতের ক্যান্টিনের ভেতরে যান। কিছু সময় পর বেরিয়ে এসে দেখেন ওই যাত্রী (গোলাপ) তার অটোরিকশাটি চালিয়ে নিয়ে যাচ্ছে। চিৎকার শুনে আশপাশের লোকজন এবং আদালত চত্বরে থাকা পুলিশ তাকে আটক করে।
এই ঘটনায় রিকশাচালক মোহাম্মদ হোসেন একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ এই ঘটনার অভিযোগ আদালতে উপস্থাপন করলে বিচারক আছাদুল ইসলাম আসামিকে সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত গোলাপকে কারাগারে পাঠানো হয়েছে।