যশোর, বাংলাদেশ || বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাকাকে জানিয়েছে দিল্লি

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০১:০৭ এ এম
শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তের কথা ঢাকাকে জানিয়েছে ভারত—এমন তথ্য প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার। একই সঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্যও ঢাকার প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস আগে ভারতের একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং এ বিষয়ে নয়াদিল্লির অবস্থান নিয়ে আলোচনা হয়।

ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশের কর্মকর্তাদের জানিয়েছে, শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের অসম্মানজনক আচরণ করা উচিত নয়। তিনি দেশে ফিরে আটক হলে তাঁর নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখার অনুরোধও জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই প্রতিনিধিদল বাংলাদেশের সরকারকে আরও স্পষ্টভাবে জানিয়েছে, ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না। তবে শেখ হাসিনা কবে এবং কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন।

এর আগে শেখ হাসিনা নিজেও আগামী ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফেরার পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে হত্যার আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন।

শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা ও বিচারপ্রক্রিয়া চলমান রয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধও করা হয়েছে।

এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার কয়েকজন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়েও উদ্বিগ্ন বলে আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আগে কাশ্মীরে সক্রিয় ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনাকে ঘিরে ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে নতুন এই দাবি সামনে এলো। তবে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো প্রকাশ্যে আসেনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)