স্টাফ রিপোর্টার
, যশোর
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় সাড়ে আট লাখ (আট লাখ ৪৯ হাজার) টাকা আত্মসাতের অভিযোগে বাবলুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
যশোরের শার্শা উপজেলার রামপুর গ্রামের সবেদ ইসলামের ছেলে আশিক ইসলাম বাদী হয়ে বুধবার মামলাটি করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্তের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
অভিযুক্ত বাবলুর রহমান চৌগাছা উপজেলার বর্ণি গ্রামের লুৎফর রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আত্মীয় আহসান হাবিব মুকুলের মাধ্যমে আসামি বাবলুর রহমানের সাথে আশিক ইসলামের পরিচয়। পরিচয়ের সূত্র ধরে আসামি তাকে পুলিশের এসআই পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন। এ জন্য মোট নয় লাখ টাকা এবং চার মাসের মধ্যে নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। আসামির প্রতি বিশ্বাস করে ২০১৯ সালের ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত আসামির ইসলামী ব্যাংকের হিসাবে মোট চার লাখ ৪৯ হাজার টাকা জমা দেওয়া হয়।
পরে নিয়োগপত্র দেওয়ার কথা বলে আরও চার লাখ টাকা দাবি করলে ২০২১ সালের ৬ মে ইসলামী ব্যাংক বেনাপোল শাখায় আসামির হিসাবে দুই দফায় মোট চার লাখ টাকা জমা দেওয়া হয়। টাকা নেওয়ার পরও আসামি চাকরির নিয়োগপত্র দেননি। বিভিন্ন সময়ে যোগাযোগ করলেও তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।
একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি যশোরের পুলিশ সুপারের কাছ অভিযোগ করা হয়। গত ১১ জুলাই বিকেলে আসামি স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি কোনো টাকা ফেরত দেবেন না এবং চাকরিও দিতে পারবেন না। টাকা চাইলে প্রাণনাশ ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।