মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে বস্তায় করে ছুরি, রামদা ও দা নিয়ে ঘোরাঘুরির সময় তিন কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ঢাকুরিয়ার কাটাখালি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের মেহেদি হাসান (২০), একই গ্রামের তামিম শেখ (১৯) এবং মণিরামপুর উপজেলার ভোমরদহ গ্রামের শাকিল গাজী (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তিনজন একটি বস্তা নিয়ে কাটাখালি মোড়ে আসেন। পরে তারা হেঁটে যাওয়ার সময় বস্তার ভেতর থেকে শব্দ হলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
একপর্যায়ে বস্তা তল্লাশি করে একটি রামদা, একটি দা ও একটি ছুরি পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে খবর দেন।
আটক শাকিল গাজীর দাবি, ভোমরদহ এলাকার বজলে নামের এক মাংস ব্যবসায়ী পুরনো ছুরি-চাপাতি কিনতে চেয়েছিলেন। এ কারণে সেগুলো তার কাছে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।
তবে স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে বজলে শাকিলের এ দাবি সত্য নয় বলে জানান।
স্থানীয় লোকজনের ধারণা, রাতে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছিলেন ওই তিনজন। তবে তাদের আটকের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে পুলিশ কোনো বক্তব্য দেয়নি।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, দেশীয় অস্ত্রসহ আটক তিনজনের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।