ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় গাছের সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ব্রহ্মপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মজিবুল ইসলাম (৪৫) ব্রহ্মপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে মজিবুল ইসলাম বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে ছোট ভাই রবিউল ইসলামের সাথে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হলে উভয় পরিবারের সদস্যরা এতে জড়িয়ে পড়েন।
এ সময় রবিউল ইসলাম লাঠি দিয়ে পিটিয়ে বড় ভাই মজিবুল, তার স্ত্রী ও ছেলেকে গুরুতর আহত করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মজিবুল মারা যান। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর অভিযুক্ত রবিউল পালিয়ে গেলেও স্থানীয় জনতা তার স্ত্রী মিলি খাতুনকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসী অভিযুক্তের স্ত্রীকে পুলিশে দিয়েছে।
ঘটনার পর থেকে পলাতক রবিউলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।