স্টাফ রিপোর্টার
, যশোর
ইয়াবা ট্যাবলেট কাছে রাখা ও সেবনের অভিযোগে একদিনের সংক্ষিপ্ত বিচারিক আদালত চারজনকে সাজা দিয়েছেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন ওই সাজা প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ শুক্রবার ভোরে শহরের চাঁচড়া সবজিবাগ এলাকা থেকে দুইজনকে আটক করেন। এরা হলো, চাঁচড়া মাগুরপট্টি এলাকার হাফিজ শেখের বাড়ির ভাড়াটিয়া রমজান গাজীর ছেলে রাজু আহমেদ (২০) এবং সবজিবাগ এলাকার ওবায়দুর রহমানের ছেলে কামাল হোসেন (২০)। তাদের কাছ থেকে দুইপিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শনিবার দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে পাঠানো হলে আদালত প্রত্যেককে একমাসের সশ্রম কারাদণ্ড এবং দুইশ টাকা জরিমানা প্রদান করেন।
অন্যদিকে, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঝুমঝুমপুর মসজিদ বাজার এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে দুইজনকে হেফাজতে নেন। এরা হলেন, ঝুমঝুমপুর হঠাৎপাড়ার মোজাফফর হোসেনের ছেলে বাবু (৩০) এবং বরিশালের উজিরপুর উপজেলার গরিয়াগাবা নতুনহাট এলাকার জামাল হোসেনের ছেলে জনি (২৮)। এলাকার লোকজন তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
পুলিশ তাদের হেফাজতে নিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে একমাস দশ দিন করে সশ্রম কারাদণ্ড এবং দুইশ টাকা জরিমানা, অনাদায়ে তিনদিনের কারাদণ্ড প্রদান করেন।