চুয়াডাঙ্গা প্রতিনিধি
কক্সবাজারে বেড়াতে গিয়ে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে হারিয়েছেন চুয়াডাঙ্গায় বসবাসরত নুর আলম।
পরিবারের সদস্যদের নিয়ে আনন্দময় সময় কাটাতে কক্সবাজারে গিয়েছিলেন তারা। কিন্তু সেই ভ্রমণই নুর আলমের জীবনে নেমে এনেছে অপূরণীয় শোক।
নুর আলম বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। চাকরির সুবাদে স্ত্রী ফারিহা কবির ও ছেলে ফায়িজান আহম্মেদকে নিয়ে টানা আট বছর ধরে চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তিনি।
নুর আলম ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের চুয়াডাঙ্গা কার্যালয়ে মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত।
ফোনে নুর আলম জানান, গত বুধবার (১৪ অক্টোবর) স্ত্রী ফারিহা কবির, সাত বছরের ছেলে ফায়িজান আহম্মেদ, তিন শ্যালিকা ও এক শ্যালককে নিয়ে কক্সবাজারে বেড়াতে যান তিনি।
অফিসের কাজ থাকায় শুক্রবার পরিবারের সদস্যদের সেখানে রেখে চুয়াডাঙ্গায় ফিরে আসেন। শনিবার তাদের কক্সবাজার থেকে ফেরার কথা ছিল।
কিন্তু শনিবার সকালে কক্সবাজারের ওই রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান, তিন শ্যালিকা ও এক শ্যালকের মৃত্যুর খবর পান নুর আলম। খবর পাওয়ার পরপরই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
শোকাহত নুর আলম বলেন, ‘আজ (শনিবার) তাদের ফিরে আসার কথা ছিল। কীভাবে আগুন লাগল, জানি না। আমার স্ত্রী, সন্তানসহ পরিবারের ছয়জন মারা গেছে। এর বেশি কিছু বলার মতো অবস্থায় নেই।’
নুর আলমের একমাত্র ছেলে ফায়িজান আহম্মেদ চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার পরিবারের সদস্যদের ফিরে আসার অপেক্ষায় থাকার কথা ছিল দক্ষিণ হাসপাতালপাড়ার সেই ভাড়া বাসায়।
কিন্তু স্ত্রী-সন্তানসহ ছয় স্বজনের মৃত্যুর খবরে সেখানে এখন ঝুলছে তালা। একসঙ্গে পরিবারের ছয় সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নুর আলম।