শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আদর্শ সমাজ গঠনে শ্রেণিকক্ষে পাঠদান ছাড়াও নৈতিকতা এবং বিবেকবোধ জাগ্রত করার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত অভিভাবক সমাবেশ ছাড়াও বিতর্ক ও বইপড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের জ্ঞানদানের পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদেরও মোবাইলফোন ব্যবহারে বিরত থাকতে হবে।
শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ নিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ, প্রতিষ্ঠান সার্বিকভাবে পরিচালনাসহ সমসাময়িক বিষয় নিয়ে স্কুল, স্কুল ও কলেজ এবং মাদরাসা প্রধানদের সাথে মতবিনিময় সভায় এসব বক্তব্য উঠে আসে।
শ্যামনগর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সময় উপযোগী এমন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্তের অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, শিশুদের কাছ থেকে ফিডব্যাক পেতে হলে আগে শিক্ষকদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
সময়ানুবর্তিতার প্রতি নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র ছয়ঘণ্টা প্রতিষ্ঠানে পার করার মানসিকতা থেকে বেরিয়ে এসে ভবিষ্যত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে দৃষ্টান্ত স্থাপন করুন।
সভায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ, শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ারউদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা শারিদ বিন সফিক, প্রেসক্লাব সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনির।
সভায় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নানাবিধ সম্যসা নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক নজরুল ইসলাম, আজহারুল ইসলাম, মোহাসীন হোসাইন, আসাদুজ্জামান মিঠু, আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, মনোদ্বীপ মন্ডল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।