কর্মকর্তা নিয়োগে অনিয়ম, ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে ডা. নুসরাত জাহানকে নিয়োগের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। গত ৬ অক্টোবর দুদক যশোরের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাওহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ তিনজনকে এই মামলায় আসামি করা হয়েছে। দুদক যশোর কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন—যবিপ্রবির সাবেক (অবসরপ্রাপ্ত) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাবেক (অবসরপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এবং বর্তমান প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. নুসরাত জাহান (খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার ডা. সৈয়দ গালিবের স্ত্রী)।
দুদকের মামলা সূত্রে জানা গেছে, ডা. নুসরাত জাহানকে যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে নিয়োগের সময় যথাযথ আইনি প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করা হয়নি। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রধান নির্বাহী হিসেবে নিজের ক্ষমতার অপব্যবহার করেন। তিনি সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সঙ্গে যোগসাজশে ডা. নুসরাতের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে প্রতারণা ও দুর্নীতির আশ্রয় নেন এবং তাকে এই পদে নিয়োগ দেন।
তদন্তে জানা গেছে, ২০১৯ সালে অবৈধভাবে নিয়োগ পাওয়ার পর ২০২৪ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ডা. নুসরাত জাহান সরকারি তহবিল থেকে বেতন-ভাতা বাবদ মোট ২২ লাখ ৯ হাজার ৮৬৩ টাকা উত্তোলন করেছেন, যা দণ্ডনীয় অপরাধ।
দুদক সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় পেনাল কোড-১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।