খুলনা অফিস
খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর জিন্নাপাড়া বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়া সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।