স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ছয় হাজার ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রবিউল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বলে দাবি করেছেন।
তিনি যশোর শহরের চোপদারপাড়ার বারেকপট্টির মৃত আওয়াল মোল্লার ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা বলেছেন, শনিবার (০২ মে) সকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে যশোর-মাগুরা সড়কের মনোহরপুর বাজারে অবস্থান নেয় তাদের একটি টিম।
সকাল পৌনে ৯টার দিকে যশোর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪ ৬৯২১) থামিয়ে তাতে তল্লাশি করে রবিউল ইসলামকে আটক করা হয়।
সে সময় তার কাছ থেকে পাঁচ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় বলে জানান মদন মোহন সাহা।
তিনি বলেন, পরে আটক ব্যক্তির স্বীকারোক্তী অনুযায়ী তাকে সাথে নিয়ে বেলা পৌনে ১১টার দিকে চোপদারপাড়ার বারেক পট্টির বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ি থেকে আরও ১২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এই নিয়ে মোট ৬ হাজার ২০০ পিস ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। আটক রবিউল ইসলামকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।