স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ মুর্শিদা আক্তার রেনুকাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে পরিবারটিকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১০ মে) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুর্শিদা আক্তার এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুর্শিদা আক্তার জানান, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৩ মার্চ দুপুরে বাড়ির রান্নাঘর মেরামতের কাজ করার সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। একপর্যায়ে তারা বাড়িতে ঢুকে হামলা চালিয়ে মুর্শিদা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
এতে তার মাথা, পিঠ ও কাঁধে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি টানা সাত দিন চিকিৎসাধীন ছিলেন।
ভুক্তভোগী জানান, এ ঘটনায় তিনি ঝিকরগাছা আমলী আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে তা এফআইআর হিসেবে গ্রহণ করা হয়। তবে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে প্রকৃত ঘটনার প্রতিফলন ঘটেনি বলে তিনি অভিযোগ করেন।
তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে একাধিকবার নারাজি আবেদনের পর আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দেন।
মুর্শিদা আক্তার অভিযোগ করেন, মামলার প্রধান আসামিরা প্রভাবশালী হওয়ায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তিনি দাবি করেন, এক আসামি জামিন না নিয়েই সৌদি আরবে চলে গেছেন। এছাড়া ইসমাইল হোসেন ও তার ছেলে সাকিব হোসেন জামিন নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
তিনি আরও জানান, মামলার অন্য আসামি হাসেম হোসেন, মিন্টু হোসেন ও ইমরান হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলেও মূল হোতাদের আড়াল করার চেষ্টা চলছে।
বর্তমানে জামিনে থাকা আসামিরা মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে। কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাদের আটক করছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে মুর্শিদা আক্তার প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করে মামলার সুষ্ঠু পুনঃতদন্ত, সকল আসামির বিরুদ্ধে নিরপেক্ষ চার্জশিট দাখিল এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন মুর্শিদা আক্তারের বাবা ইজ্জত আলী, স্বামী মনিরুজ্জামান মনির, ভাই শাহ আলম, বোন নুরুন্নাহার, চাচা গোলাম হোসেন ও দুলাভাই আলিম হোসেন।