পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন তাদের হলরুমে এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
আগামী ২ আগস্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং আয়োজনের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানকে সুষ্ঠু, সুন্দর ও অর্থবহ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ওসি অপারেশন জুলফিকার আলী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এমদাদুল হক, অ্যাকাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা।