পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
মোটরসাইকেলের ধাক্কায় খুলনার পাইকগাছায় আইজুর রহমান জোয়াদ্দার (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হাসপাতালে অসুস্থ মেয়েকে দেখে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
নিহত আইজুর রহমান উপজেলার আলমতলা গ্রামের মৃত সামছুর রহমান জোয়াদ্দারের ছেলে।
নিহতের বড় ভাই সাঈদ আলী (৬৮) জানান, আইজুর রহমান সিজার হওয়া তার অসুস্থ মেয়েকে দেখে পাইকগাছা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। তার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যাওয়ায় শিববাড়ী ব্রিজ পার হয়ে পাইকগাছা–কয়রা সড়কের ফ্যান্টাসি গার্ডেনের সামনে তিনি মোটরসাইকেলটি ঠেলে নিয়ে যাচ্ছিলেন।
এ সময় দ্রুতগতির একটা হলুদ রঙের সুজুকি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন জড়ো হওয়ার আগেই ওই মোটরসাইকেলের চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
আহত অবস্থায় স্থানীয়রা আইজুর রহমানকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রান্ত সরদার তাকে মৃত ঘোষণা করেন।