কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ফুটবল খেলা শেষে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বলুহর ইউনিয়নের হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর পশ্চিমপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের শরিফুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে সিয়াম বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে বের হয়। হাড়ডাঙ্গা বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা শেষে সে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে সিয়ামকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সিয়ামের বাবা-মা। তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।