সাতক্ষীরা প্রতিনিধি
কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাতখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান কোম্পানির মালামাল নিয়ে ডেলিভারিভ্যানে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ওই ভ্যানে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।