মেহেরপুর প্রতিনিধি
প্রেমের সম্পর্কে ফুল, চকলেট কিংবা ভালোবাসার চিঠি দেওয়ার কথা থাকলেও এবার ঘটেছে একেবারে উল্টো ঘটনা!
প্রেমিকাকে উদ্দেশ করে হুমকির চিরকুট, আর সেই চিরকুটের সঙ্গে জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তু! এমন অদ্ভুত ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার নবীনপুর গ্রামে সৃষ্টি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার নওয়াপাড়া এলাকার নবীনপুর গ্রাম থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ। বস্তুটির গায়ে লাগানো ছিল একটি কাগজের চিরকুট। সেখানে এক প্রেমিকাকে উদ্দেশ করে হুমকিমূলক বার্তা লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো এক যুবক তার প্রেমিকাকে উদ্দেশ করে হুমকিমূলক চিরকুট লিখে জর্দার কৌটায় তৈরি একটি বোমাসদৃশ বস্তুর গায়ে লাগিয়ে রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রেমিকাকে উদ্দেশ করে হুমকির চিরকুটসহ এ ধরনের বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা গাংনী থানায় এবারই প্রথম। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে এমন হুমকি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা।