সুবর্ণভূমি ডেস্ক
বজ্রাঘাতে গোয়াল ঘরে থাকা অবস্থায় একটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝড়বৃষ্টির সময় উপজেলার উত্তর কদমতলা গ্রামের কবীর হোসেন হাওলাদারের গোয়ালঘরে বজ্রপাত হয়। ওইসময় গোয়ালে বেঁধে রাখা দুটি গরুর মধ্যে একটি মারা যায়। অপরটি অসুস্থ হয়ে পড়েছে।
কবীর হোসেন জানিয়েছেন, আসছে কুরবানির হাটে বিক্রির জন্য তিনি দুটি গরু লালন পালন করছিলেন। একটি গরু মারা যাওয়ায় তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বুধবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত শরণখোলা উপজেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপকভাবে বজ্রসহ বৃষ্টিপাত হয়। ঝড়ো হাওয়ায় গ্রামাঞ্চলে অনেক স্থানে গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ পুনঃসংযোগ হয়নি।