লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ইছামতীর বিলে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আরেক কৃষক আহত হন।
শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৪টায় উপজেলার নলদী ইউনিয়নের ইছামতীর বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত বাবুল বিশ্বাস (৩২) লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে। আহত শহীদ শেখ (৪০) একই গ্রামের মৃত পনা শেখের ছেলে। তারা দুজনই পেশায় কৃষক এবং শৌখিন মাছ শিকারি।
এই তথ্য নিশ্চিত করেছেন নলদী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে পাশের ইছামতী বিলে মাছ ধরতে যান বাবুল বিশ্বাস ও শহীদ শেখ। ওই সময় বজ্রপাতে বাবুল বিশ্বাস ও শহীদ শেখ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত শহীদ শেখ নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।