ঝিনাইদহ প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিশুদের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে শহরের ল্যাবরেটরি স্কুলে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেড় শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিশুদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহিনুর আলম লিটন, সাধারণ সম্পাদক বজলু রহমান, বিদ্যালয়ের পরিচালক ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক লিজা ফেরদৌস, সামাজিক ঐক্যজোট ঝিনাইদহ জেলার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক গাউস গোর্কি, ঝিনাইদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজুর রহমান, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, গাছপ্রেমী দীপু, হেভি গ্রুপের নির্বাহী পরিচালক জাহিদ লিমন ও বাবুল খানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।