সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া পাইলট গার্লস হাইস্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধ ও নিরাপদ প্রযুক্তি ব্যবহারবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা, সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, সদস্য সদর সার্কেল অমিদ হাসান, আইটি শাখার সদস্য মো. তানভীর হোসেন, উইমেন্স সাপোর্টের সদস্য তাহিরা সুলতানা মিম এবং সদর সদস্য মো. এনামুল হাসান উপস্থিত ছিলেন।
সেমিনারে পরিচালক শেখ মাহবুবুল হক সাইবার অপরাধ, সাইবার বুলিং, ব্ল্যাকমেইলিং, হ্যাকিং, অনলাইন প্রতারণা, অনলাইন জুয়া, ইন্টারনেট আসক্তি, সাইবার আইন ও অপরাধের শাস্তি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি বাস্তব জীবনে সংঘটিত বিভিন্ন সাইবার অপরাধের উদাহরণ তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন করেন।
আইটি শাখার সদস্য মো. তানভীর হোসেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সুফল ও অপব্যবহারের ঝুঁকি, প্রযুক্তির মাধ্যমে ছবি ও তথ্য বিকৃতির আশঙ্কা এবং নিরাপদে এআই ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষা, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকা এবং সাইবার হয়রানি বা ব্ল্যাকমেইলের শিকার হলে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
সেমিনারটি সঞ্চালনা করেন সাতক্ষীরা সাইবার ক্রাইম অ্যালার্ট টিমের উইমেন্স সাপোর্টের সদস্য তাহিরা সুলতানা মিম।