যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় শিক্ষক দিবসের র‍্যালি ও আলোচনা

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০২:৪৮ পিএম
খুলনায় শিক্ষক দিবসের র‍্যালি ও আলোচনা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে খুলনার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’ আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন বলেছেন, শিক্ষকরা জাতির কাণ্ডারি ও সমাজ গড়ার কারিগর। একটি মেধাভিত্তিক, নীতিবান ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের অবদান অপরিসীম। অথচ দুঃখজনকভাবে সমাজে অনেক শিক্ষকই তাদের প্রাপ্য সম্মান, মর্যাদা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ প্রাঙ্গণে র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের অধিকার ও পেশাগত মর্যাদার গুরুত্ব তুলে ধরে শফিকুল আলম তুহিন বলেন, জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে শিক্ষকদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক নিরাপত্তা এবং মুক্ত চিন্তার পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। শিক্ষকরা যদি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে না পারেন, তাহলে জাতি হিসেবে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।

তিনি বলেন, একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও নৈতিক ভিত্তি তৈরিতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

‘হাসিমুখ ফাউন্ডেশন’-এর বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে তরুণদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

হাসিমুখ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুল ইসলাম সরদার, উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ, হাসিমুখ ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মিলটন ও শিক্ষক মো. রেজাউল করিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন হাসিমুখ ফাউন্ডেশনের সহসভাপতি বনানী সুলতানা ঝুমু, সাধারণ সম্পাদক সঞ্চিতা দে, কলেজের সাবেক জিএস মফিজুর রহমান মুক্ত, এজিএস গোলামুন্নবী ডালু, যুগ্ম সম্পাদক তানভীর ইসলাম, আল মামুন বাদল, মেজবাহ, লাভলু, মাহবুবুল হক, ইরাক আলী, চঞ্চল, কাওসারী জাহান মঞ্জু, ইরিনা আক্তার, শারমিন, ছাত্রনেতা রাকিব হাসান, শাহ জালাল ও সকিবসহ ফাউন্ডেশনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে হাসিমুখ ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিথি ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভা শেষে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রয়্যাল চত্বর প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)