ইবি প্রতিনিধি
চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনের কারণে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের উপর ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার বেলা সাড়ে তিনটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
এসময় তারা গুপ্তদের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা; মেধাবীদের সেরা দল, জাতীয়তাবাদী ছাত্রদল, খুন হয়েছে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল; গুপ্তদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন; এসো নবীন ভয় নাই, ছাত্রদলে সন্ত্রাস নাই; শিক্ষা-গুপ্ত একসাথে চলে না; জামাত শিবির জামাত শিবির, গুপ্ত গুপ্তসহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তব্য প্রদানকালে ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমি মিথুন বলেন, আমরা অনেক ক্ষমা করেছি, আর নয়। যারা গুপ্ত রাজনীতি করছেন, তারা সাবধান হয়ে যান- নইলে রাজপথেই আপনাদের ফায়সালা হবে। আমার ভাইদের আহ্বান জানাচ্ছি, আপনারা গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে এসে রাজপথে ওপেন রাজনীতি করুন।
সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দীর্ঘ ১৭ বছর যখন বিএনপিসহ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিল, তখন এই জামায়াত-শিবির গুপ্ত রাজনীতি করে ওই ছাত্রলীগ, ওই ফ্যাসিবাদের দোসর ছিল। তারা গুপ্ত রাজনীতি করে গণতান্ত্রিক বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য আজকে যে মব সৃষ্টি করছে, সারা বাংলাদেশে যে হামলা চালাচ্ছে এর বিপরীতে জাতীয়তাবাদী ছাত্রদল বসে থাকবে না। বিশেষ করে আমরা এই ঝিনাইদহ- শেখপাড়া- শান্তিডাঙ্গা-কুষ্টিয়ার মানুষজন ঐক্যবদ্ধভাবে আছি। এই ক্যাম্পাসে ওই গুপ্ত রাজনীতির কোনো ধারক-বাহক যদি মিছিল করতে চায়, মব সৃষ্টি করতে চায়, যদি কারো উপরে হামলা করতে চায় তার দাঁতভাঙা জবাব জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা দেবে ইনশাআল্লাহ।
ইবি শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম ছিলো। কিন্তু গুপ্ত বাহিনীকে ২০১৪-১৫ সালের পর কোথাও দেখা যায়নি। বর্তমানে, ইবিতেও গুপ্তরা হল দখলের চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াতে বট আইডি দিয়ে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া তথ্য এবং ফটো তৈরি করছে। নামে বেনামে বিভিন্ন সংগঠন করছে। এদের প্রতিরোধ আমরা করবোই করবো। সাধারণ শিক্ষার্থী নামে সুশীল সেজে মব করা হচ্ছে, কটাক্ষ করা হবে। আজকের পর থেকে বট আইডি দিয়ে যারা আমাদের নিয়ে কটুক্তি করবে তাদের শায়েস্তা করবোই। এমন কেউ নেই যে আটকাবে।
তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ জানিয়ে বলেন, নির্বাচনের আগে আপনারা বলেছিলেন, আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে। ইসলামী বিশ্ববিদ্যালয়সহ এই এলাকায় যেনো কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা সেটি করেছি। আপনারা আমাদের হাত বেঁধে রেখেছেন, এই হাত খুলে দিতে হবে। অনেক সহ্য করেছি, আর ধৈর্য নেই।
এছাড়া তিনি মাননীয় আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব বট আইডির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। অন্যথায়, এসব আইডির বিরুদ্ধে ছাত্রদল ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।