যশোর, বাংলাদেশ || রবিবার, ১০ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষার্থীদের কল্যাণে যবিপ্রবি অধ্যাপকের অর্ধকোটি টাকা প্রদান

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১০ মে,২০২৬, ০৫:১০ পিএম
আপডেট : রবিবার, ১০ মে,২০২৬, ০৭:১০ পিএম
শিক্ষার্থীদের কল্যাণে যবিপ্রবি অধ্যাপকের অর্ধকোটি টাকা প্রদান

অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান ও তার সহধর্মিণী ফিরোজা পারভিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কল্যাণ ট্রাস্টে তারা নিজস্ব তহবিল থেকে ৫০ লাখ (অর্ধকোটি) টাকা অনুদান প্রদান করেছেন।

আজ রবিবার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সম্মেলন কক্ষে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন এই দম্পতি। তাদের এই অনুদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে 'প্রফেসর ড. শেখ মিজানুর রহমান ও ফিরোজা পারভিন শিক্ষা কল্যাণ ট্রাস্ট' গঠন করা হয়েছে। এই ফান্ডের মূল টাকা স্থায়ী আমানত হিসেবে থাকবে এবং তা থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়ে প্রতি বছর সকল বিভাগের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

চেক হস্তান্তরকালে আবেগাপ্লুত কণ্ঠে অধ্যাপক ড. শেখ মিজানুর রহমান বলেন, ‘আমার ও আমার সহধর্মিণীর দীর্ঘদিনের ইচ্ছা ছিল শিক্ষার্থীদের কল্যাণে কিছু করার। আজ সেই নিয়ত পূরণ হলো। আমি চাই না আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর পড়াশোনা থমকে যাক। আমাদের শিক্ষক ও অ্যালামনাইরাও যদি এভাবে এগিয়ে আসেন, তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।’

এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, যবিপ্রবির ইতিহাসে একজন শিক্ষকের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা কল্যাণ ট্রাস্ট গঠন এটিই প্রথম। অধ্যাপক মিজানের এই ত্যাগ যবিপ্রবি পরিবারে মাইলফলক হয়ে থাকবে। এর ফলে অসংখ্য মেধাবী শিক্ষার্থী তাদের পড়াশোনা ও গবেষণায় নিরবচ্ছিন্ন মনোযোগ দিতে পারবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. শেখ মিজানুর রহমানের সহধর্মিণী ফিরোজা পারভিন, ডিন'স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরান খান, রেজিস্ট্রার মো. কাজী জালাল উদ্দীন এবং পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরীন নিগার। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ড. শেখ মিজানুর রহমান যবিপ্রবির একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি সমাজসেবামূলক কাজেও তার দীর্ঘদিনের পদচারণা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)