ইবি প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। ইবিতে এটা সংগঠনটির প্রথম কমিটি।
রোববার (৫ জুলাই) জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফুয়াদ হাসান এবং সদস্য সচিব হয়েছেন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইফতেহার উদ্দিন মো. তামিম। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন আল হাদিস বিভাগের ২০২২-২৩ বিভাগের যায়েদ বিন ওসমান।
নবনির্বাচিত আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নবগঠিত কমিটি জুলাই স্পিরিটকে ধারণ করে সামনে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং অধিকার আদায়ের লড়াইয়ে সামনে থাকবে। আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে বাংলাদেশপন্থি সবাইকে স্বাগতম। যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে এবং ফ্যাসিবাদী মতাদর্শে বিশ্বাস করে না, তাদের সবাইকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই এবং আমরা মধ্যপন্থী রাজনীতি করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কাম্য।’
ইবি ছাত্রশক্তির নবনির্বাচিত সদস্য সচিব ইফতেহার উদ্দিন বলেন, ‘সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে স্মরণ করছি ২৪ এর শহীদদের; যাদের ত্যাগের বিনিময়ে এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা ছাত্রসংগঠনের একজন অংশীদার হিসেবে এটা শুধু একটা দায়িত্ব নয়, এটা আমার দায়বদ্ধতা যেন শহীদদের সেই আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি।’