কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘মেসার্স রুবি বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ আটা সংরক্ষণ এবং টিসিবির আটা অবৈধভাবে মজুদ রাখার দায়ে এ জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ আটা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর পৌর কলেজ এলাকায় অবস্থিত মেসার্স রুবি বেকারিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার।
অভিযানকালে বেকারিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ আটা এবং টিসিবির বিতরণের জন্য নির্ধারিত আটা মজুদ করে খাদ্যপণ্য উৎপাদনের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি জব্দকৃত মেয়াদোত্তীর্ণ আটা জনসম্মুখে ধ্বংস করা হয়।
বেকারির মালিক নুর ইসলাম দাবি করেন, মেয়াদোত্তীর্ণ আটাগুলো তিনি কোটচাঁদপুর বাজারের রায় ট্রেডার্স থেকে কিনেছেন। টিসিবির আটা সম্পর্কে তিনি বলেন, ‘আমি এগুলো টিসিবির মাল হিসেবে কিনিনি। ফরিদপুর থেকে একজন এগুলো পাঠিয়েছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, ‘জনস্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। সরকারি খাদ্যসামগ্রীর অপব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ব্যবহার বা মজুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।