মাগুরা প্রতিনিধি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে মাগুরার ভায়না মোড়ের এক ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে এ অভিযানে মেসার্স আবালপুর ড্রাগ হাউসে একাধিক বেআইনি কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, বিক্রয়নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বাণিজ্যিকভাবে বিক্রি করা হচ্ছে। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, মেয়াদবিহীন ওষুধ ভালো ওষুধের প্যাকেটে সংরক্ষণ করে বিক্রি এবং নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রির মতো গুরুতর অনিয়মের প্রমাণ মেলে দোকানটির বিরুদ্ধে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া ওষুধ বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এসব অপরাধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, পুনরায় একই ধরনের অপরাধ প্রমাণিত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।
অভিযানে মাগুরা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।