লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার ঐতিহ্যবাহী ছাতড়া খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সরকারি অর্থায়নে ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে। সরকারের টিআর প্রকল্পের আওতায় ছাতড়া খালের প্রায় তিন কিলোমিটার এলাকায় ছয় লাখ টাকা ব্যয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
উদ্বোধনের সময় বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকার জনসাধারণের সুবিধার্থে নানা জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।খালের কচুরিপানা পরিষ্কার সেই কর্মসূচির একটি অংশ। মশার উপদ্রব থেকে রক্ষা, মৎস্যসম্পদ বৃদ্ধি, নদীপাড়ের মানুষের পরিষ্কার-পরিচ্ছন্ন পানি ব্যবহারের নিশ্চয়তা এবং যুবসমাজকে মৎস্য চাষে উৎসাহিত করতে টিআর প্রকল্পের আওতায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান, পৌর প্রশাসক সেবক মণ্ডল, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির আহমেদ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদ আলম শিপলু। এ ছাড়া যুবদল ও ছাত্রদলের নেতারা এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ছাতড়া খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনাসহ কচুরিপানায় পরিপূর্ণ ছিল। খালটি ব্যবহারের উপযোগী করার অংশ হিসেবে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে।