সাতক্ষীরা প্রতিনিধি
নানা অনিয়ম ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় সাতক্ষীরার কলারোয়ায় তিনটি ক্লিনিক এবং দুটি ডায়াগনস্টিক সেন্টার তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। রোববার (৫ এপ্রিল) বিকেলে কলারোয়ার বিভিন্ন এলাকায় আকস্মিক পরিদর্শন শেষে তিনি এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
বন্ধঘোষিত প্রতিষ্ঠানগুলো হলো, কলারোয়ার গয়ড়া বাজারের ডা. রমজান আলীর মালিকানাধীন আছিয়া মেমোরিয়াল ক্লিনিক, ডা. কবিরুল ইসলামের মায়ের হাসি ক্লিনিক, কলারোয়া পৌর সদরের জনসেবা ক্লিনিক এবং কলারোয়া গরু হাটখোলা মোড় এলাকার দুটি এক্স-রে ও ডায়াগনস্টিক সেন্টার।
অভিযান প্রসঙ্গে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। পরিদর্শনকালে মালিকপক্ষ পরিচালনার সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সিভিল সার্জন জনস্বার্থে এগুলো বন্ধ করে দেন। অবৈধ ও নিয়মবহির্ভূত চিকিৎসাকেন্দ্রের বিরুদ্ধে জেলা প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।