স্টাফ রিপোর্টার
, যশোর
স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ'এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭এপ্রিল) সকালে যশোর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের এসপি অফিস মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মাসুদ রানা। ব্রাক খুলনার ব্যবস্থাপক মহিতোষ রায়, যশোর সদর উপজেলার ব্রাকের ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের যথাযথ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সারাদেশের ন্যায় যশোরেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন এনজিও দিবসটি উপলক্ষে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।
এদিকে, যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজের নেতৃত্বে সকালে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা, নার্স, অন্যান্য কর্মচারী এবং ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একইভাবে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করেছে। সংশ্লিষ্ট সকল স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভায় তৃণমূল পর্যায়ে বিজ্ঞানের সুফল কাজে লাগিয়ে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।