সুবর্ণভূমি ডেস্ক
সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত জুলাইয়ে প্রতিবেশী ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী সরাসরি হামলার ঝুঁকির মুখে পড়ল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের বাসিন্দারা ভোর ৩টার কিছু আগে মোবাইল ফোনে একটি জরুরি বার্তা পান। এতে তাদের এলাকা ‘শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকির’ মুখে রয়েছে বলে সতর্ক করা হয় এবং ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।
জরুরি বার্তা পাওয়ার পরপরই এএফপির সাংবাদিকরা দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রায় আধা ঘণ্টা পর বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করা হয়।
পরে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নাগরিকদের জানায়, বিমান হামলার আশঙ্কা কেটে গেছে। এরপর বিশেষ সতর্কতাটিও প্রত্যাহার করা হয়।