সুবর্ণভূমি ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে ২০২৬ সালের শুরুতে প্রকাশিত ছুটির তালিকায় ঈদুল আজহা উপলক্ষে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে রাজ্যটিতে সরকার পরিবর্তনের পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনল নতুন বিজেপি সরকার। শনিবার জারি করা এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার ঈদুল আজহায় একদিনই সরকারি ছুটি থাকবে। আগামী ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী প্রশাসনিক সংস্কারে একাধিক পদক্ষেপ নিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সরকারি দফতরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতেও কড়া বার্তা দিয়েছেন তিনি। সরকারি পরিষেবা দ্রুত ও নিয়মতান্ত্রিকভাবে নিশ্চিত করতে অপ্রয়োজনীয় ছুটি ও গাফিলতির সংস্কৃতি কমানোর ওপর জোর দিচ্ছে নতুন সরকার।
এছাড়া সরকারি কর্মীদের অফিসে উপস্থিতির সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে ঈদুল আজহার ছুটি কমানোর সিদ্ধান্তকে প্রশাসনিক শৃঙ্খলার অংশ হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, বছরের শুরুতেই সাধারণত সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রকাশিত তালিকায় ২৬ ও ২৭ মে ঈদুল আজহা উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে শনিবার অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন নির্দেশনা জারি করে জানান, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার একদিনের ছুটি কার্যকর করা হচ্ছে।
এদিকে নতুন এই সিদ্ধান্তের পর সরকারি কর্মীদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, ভবিষ্যতে দুর্গাপূজার দীর্ঘ ছুটির ক্ষেত্রেও কি কোনো কাটছাঁট হতে পারে।