স্টাফ রিপোর্টার
, যশোর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষে শহরে আনন্দ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। নতুন নেতৃত্বের যাত্রাকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।
শহরের বকুলতলা জুলাই চত্বর থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি দড়াটানা ও চৌরাস্তাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে এনসিপির যশোর জেলা শাখার নতুন কমিটির নেতাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন এবং নতুন নেতৃত্বের মাধ্যমে যশোরে এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত ছয়মাস মেয়াদি ১১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির যশোর জেলার আহ্বায়ক করা হয়েছে নূরজ্জামানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. শহীদুল ইসলাম জাবির। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল, সোহেল রানা বাবু, বোরহান উদ্দিন, আবুল কাসেম, সোহানুর রহমান শাহীন, আব্দুল আলীম, আলী সোহেব, ইউসুফ আলী রিপন, আব্দুল্লাহ আল নাদিম ও জায়া জাকির। এছাড়া মনিরুজ্জামান (আজাদ)কে সদস্যসচিব এবং ইঞ্জিনিয়ার আরিফ জামানকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন সাজিদ সারোয়ার, ফরহাদ হোসেন, মারুফ হাসান শুভ্র ও আসমা খাতুন। জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হলেন ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন।