কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেনে উঠার সিঁড়ির তুলনায় প্লাটফর্ম অনেক নীচু হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন ট্রেনযাত্রীরা। এছাড়া প্লাটফরম ছোট হওয়ায় বেশিরভাগ আন্তঃনগর ট্রেনের সামনের ও পেছনের বগিগুলোতে উঠা ভীষণ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের চরম দুর্গতিতে পড়তে হচ্ছে।
এই দশা থেকে উদ্ধারে মানববন্ধন করেছেন ট্রেনযাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে 'আন্তরিক কুষ্টিয়া'র ব্যানারে কুষ্টিয়া কোর্ট স্টেশনে এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানারে উল্লেখ করা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ও সংহতি জানিয়ে প্লাটফরর্মে থাকা সাধারণ যাত্রীদেরও এই কর্মসূচিতে শামিল হতে দেখা যায়।
'আন্তরিক কুষ্টিয়া'র আহ্বায়ক সেলিম সরকারের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন আসিফ রূপন, রজত হুদা, কারশেদ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহিন সরকার, হাফিজ সরকার, চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি এসএম কাদরী শাকিল, ক্রীড়া সংগঠক কাজী ইমদাদুল বাসার রিপন, প্রবীণহিতৈষী সংঘের মুকুল হোসেন প্রমুখ।
মানববন্ধন চলাকালে বিভিন্ন বক্তা বলেন, কুষ্টিয়া কোর্ট স্টেশনটি পুরনো ও এর প্লাটফর্ম নীচু হওয়ায় ট্রেনে উঠা-নামা করতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। রেলস্টেশনটির অবকাঠামো উন্নয়ন, প্লাটফর্ম সম্প্রসারণ ও উঁচু করা কুষ্টিয়াবাসীর যৌক্তিক দাবি। দীর্ঘদিন ধরে যাত্রীরা দুর্ভোগ পোহালেও তা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিদ্যমান রেল স্টেশনের অবকাঠামোগত সীমাবদ্ধতা জনদুর্ভোগ সৃষ্টি করেছে, এজন্য দ্রুত সময়ের মধো স্টেশন সম্প্রসারণ ও প্ল্যাটফর্ম উঁচুকরণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধন সমাবেশ শেষে 'আন্তরিক কুষ্টিয়া'র নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে দাবিসম্বলিত স্মারকলিপি রেলওয়ের কর্তৃপক্ষ বরাবর প্রদান করেন।
মানববন্ধন চলাকালে কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছায় গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস।
এই ট্রেনের পরিচালক মণিরাজ সিং জানান, কুষ্টিয়া স্টেশনের প্লাটফরমটি যাত্রী উঠানামার উপযোগী নয়।