ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের লক্ষ্যে যশোরের ঝিকরগাছায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ঝিকরগাছা বিএম হাইস্কুলে পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের জন্য পৃথকভাবে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পরীক্ষার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে গুগল ফরম ব্যবহার করে লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষা শেষে যোগ্য প্রার্থীদের পৃথকভাবে মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত সুপারভাইজার পদে ১৫০ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ৯৯৩ জন প্রার্থী আবেদন করেন।
পরীক্ষা চলাকালে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ, সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা ওহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তারা নিয়োগ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষা যেন সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জানা গেছে, ঝিকরগাছা পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৩ জন সুপারভাইজার এবং ১৪০ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীরা প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড প্রস্তুতের কাজে দায়িত্ব পালন করবেন।
এর আগে সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।
সভায় ফ্যামিলি কার্ড প্রণয়নের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়।